প্রতি রিফ্রেশে ফলোয়ার হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকে দল থেকে শুধু বাদ দিয়েই যে ক্ষান্ত হয়নি তারা, ডিলিট করেছে মুস্তাফিজকে নিয়ে করা সব ফেসবুক ইনস্টাগ্রাম পোস্টও। আর এতে ক্ষোভে ফেটে পড়ছেন বাংলাদেশি সমর্থকরা।
আইপিএলের দলগুলোর মধ্যে বাংলাদেশে দ্বিধাহীনভাবেই সবচেয়ে জনপ্রিয় ছিল কলকাতা। এই দলের হয়ে একসময় নিয়মিত খেলতেন সাকিব আল হাসান, জিতিয়েছেন দুটি শিরোপাও। লিটন দাসও খেলেছেন এই কলকাতার হয়ে। এবার কেকেআরের প্রতি ভালোবাসা ছিল আরও বেশি, কারণ ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে।
তবে বিসিসিআইয়ের হটকারি সিদ্ধান্তে সেই ফিজকে দল থেকে বাদ দিয়েছে তারা। তাতেই ক্ষান্ত হয়নি, মুস্তাফিজকে নিয়ে করা সব পোস্টও মুছে ফেলেছে সোশ্যাল মিডিয়া থেকে। আর তাতে কলকাতার ওপর চটেছেন মুস্তাফিজ ও বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।ক্রিকেট সরঞ্জাম
বাংলাদেশিরা দলে দলে 'আনফলো' বাটনে ক্লিক করছেন। তাতেই মিনিটে মিনিটে ফলোয়ার কমছে কলকাতার। একই দশা আইপিএল ও বিসিসিআইয়ের সোশ্যাল হ্যান্ডেলেও।
তবে ফেসবুক-এক্স-ইনস্টাগ্রামের এই গণ্ডি ছাপিয়েও কলকাতার সবচেয়ে বড় ভাঁটা পড়বে জনপ্রিয়তায়। আইপিএলের মৌসুম এলে অনেক বাংলাদেশির গায়েই দেখা যায় কলকাতার জার্সি। বেগুনি রঙের জার্সিটার পেছনে অনেকেরই আবেগ কাজ করত। বাংলাদেশি কেউ খেলুন বা না-ই খেলুন, বাংলাদেশিদের কাছে আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দলটাই ছিল কলকাতা। তবে তাদের সেই জনপ্রিয়তা অদূর ভবিষ্যতে দেখা যাবেই না হয়ত!
