৮ জানুয়ারি দুপুরের দিকে গণমাধ্যমে একটি খবর ছড়ায়, মুস্তাফিজুর রহমানকে নাকি আইপিএলে ফেরত চেয়েছিল বিসিসিআই। তবে সেই প্রস্তাব নাকচ করে দেন বিসিবি সভাপতি। এবার এমন খবরকে উড়িয়ে দিলেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল।
মুস্তাফিজুর রহমানকে দলে না রাখতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে কেকেআর সেই কথা মেনে ফিজকে ছেড়েও দেয়। এরপর থেকেই উত্তপ্ত বিশ্ব ক্রিকেট। বিসিবিও দিয়েছে নিজেদের জবাব। একজন মুস্তাফিজেরই যদি নিরাপত্তা না থাকলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তা কীভাবে দেবে ভারত? তাই বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার ব্যাপারে অনুরোধ জানিয়ে আইসিসিকে দিয়েছে মেইল।
দলের নিরাপত্তার ব্যাপারে বিসিবির সাথে এখন যোগ দিয়েছে সরকারও। যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথেও ভেন্যুর ব্যাপারে কথা বলেছে বিসিবি।
তবে মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার যে প্রস্তাব বিসিসিআই দিয়েছে বলে খবর ছড়ানো হয়েছে তাকে অসত্য বলছেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘মুস্তাফিজের (আইপিএলে ফেরানোর) বিষয়ে আমার লিখিত বা মৌখিক কোনো কথাই হয়নি (বিসিসিআইয়ের সঙ্গে)। আমার বোর্ডের কারও সঙ্গেও এ ব্যাপারে কথা হয়নি। এই খবরের সত্যতা নেই।’
আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স।
