আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। এক ম্যাচেই স্পর্শ করলেন দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক- ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ এবং ১৫০ ম্যাচ খেলার অনন্য রেকর্ড।
শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে এই সংস্করণে ৪ হাজার রান পূর্ণ করতে বাটলারের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। কলকাতার ইডেন গার্ডেন্সে রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারে একটি সিঙ্গেল নেওয়ার পর দুই রান নিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে। যদিও ওই ওভারেই ৪ বলে ৩ রান করে আউট হন তিনি।
তবে এই ছোট ইনিংসই তাকে এনে দিয়েছে বড় অর্জন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম ৪ হাজার রান এখন বাটলারের দখলে মাত্র ৩,৬৯০ বলে। এতদিন রেকর্ডটি ছিল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার, যিনি এই মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ৩,৮৬০ বল।
৪ হাজার রানের ক্লাবে বাটলার ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান। এই তালিকার সূচনা করেন বিরাট কোহলি (২০২২)। পরে ২০২৪ সালে যোগ দেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত ও পাকিস্তানের তারকা বাবর আজম।
ইনিংসের হিসেবে দ্রুততম ৪ হাজার রানের রেকর্ড এখনও কোহলির, ১০৭ ইনিংসে। বাবরের লেগেছে ১১২ ইনিংস। বাটলার মাইলফলক ছুঁয়েছেন ১৩৮ ইনিংসে, আর রোহিতের লেগেছে ১৪৪ ইনিংস।
একই ম্যাচে আরেকটি কীর্তিও গড়েন বাটলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ ম্যাচ খেলা ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার তিনি। সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি বর্তমানে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংয়ের (১৬৩ ম্যাচ)।
১৫০ ম্যাচে বাটলারের সংগ্রহ ৪ হাজার রান। গড় ৩৪.৭৮ এবং স্ট্রাইক রেট ১৪৮.৫৮। রয়েছে ১টি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতক।
