বাঁচা মরার ম্যাচের আগে ভারতীয় শিবিরে বিশাল ধাক্কা, ছিটকে যাচ্ছেন তারকা ক্রিকেটার

 



চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত। পারিবারিক জরুরি কারণে ব্যাটার রিংকু সিং চেন্নাই ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টামইস জানায়, বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের দু’দিন আগে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিপকের প্রথম অনুশীলন সেশনে রিংকুকে দেখা যায়নি, যদিও দলের বাকি ক্রিকেটাররা নেটে অনুশীলন করেন।


একটি সূত্র জানায়, ‘পারিবারিক জরুরি কারণে রিংকু সিং চেন্নাই থেকে বাড়ি ফিরে গেছেন। তিনি দলের অনুশীলনে যোগ দেননি।’ প্রতিবেদনে বলা হয়, রিংকুর বাবা খাঞ্চাঁদ সিং বর্তমানে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা গুরুতর। এ কারণেই তড়িঘড়ি বাড়ি ফিরতে হয়েছে এই ক্রিকেটারকে।


টুর্নামেন্টে শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া রিংকু এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি। পাঁচ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২৪ রান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি শূন্য রানে আউট হন।


জিম্বাবুয়ের বিপক্ষে রিংকু খেলতে না পারলে ভারত একাদশে একসঙ্গে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলকেকে খেলাতে পারে। এতে ব্যাটিং গভীরতা বজায় থাকবে এবং অধিনায়ক সূর্যকুমার যাদব অতিরিক্ত বোলিং বিকল্প পাবেন। পাশাপাশি আক্রমণাত্মক কৌশল নিয়ে স্পিনার কুলদীপ যাদবকেও একাদশে অন্তর্ভুক্ত করার ভাবনা থাকতে পারে।


এর আগে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে চাপে রয়েছে ভারত। বিশ্বকাপ ইতিহাসে এটিই তাদের সবচেয়ে বড় ব্যবধানের হার। গ্রুপ ‘১’-এ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।


সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে শুধু জিম্বাবুয়েকে হারালেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। কারণ ভারতের বর্তমান নেট রানরেট (-) ৩.৮। এছাড়া ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও জয় পেতে হবে। একই সঙ্গে ২৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে।




Post a Comment

Previous Post Next Post