নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। দফায় দফায় চেষ্টা করেও বাংলাদেশকে রাজি করাতে পারেনি আইসিসি। এবার সশরীরে ঢাকায় হাজির হয়ে বিসিবি কর্তাদের সাথে বৈঠক করলো আইসিসির প্রতিনিধি।
তাতেও লাভ হলো না। বরং আইসিসিকে সম্ভাব্য সমাধান বাতলে দিলো টাইগার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কর্তারা। গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কাকে যেখানে করা যায় বাংলাদেশের ভেন্যু।
বাংলাদেশ বর্তমান সূচিতে আছে 'সি' গ্রুপে। যেখানে তাদের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে। অন্যদিকে 'বি' গ্রুপের দলগুলোর খেলা শ্রীলঙ্কাতে।
ভারতের সাথে 'নো হ্যান্ডশেক' কান্ডের ব্যাখ্যা দিলো বিসিবি
তাই আইসিসি চাইলেই বাংলাদেশের গ্রুপকে 'সি' থেকে 'বি' তে নিলেই সমস্যার সমাধান হয়। এই পরামর্শই তারা আজ (১৭ জানুয়ারি) আইসিসিকে দিয়েছে। আইসিসিও সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছে।
আজ সন্ধ্যায় আইসিসি-বিসিবির বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনেরাল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতায় সরাসরি না পারলেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির ইভেন্ট ও কর্পোরেট কমিউনিকেশনের জেনেরাল ম্যানেজার গৌরভ সেক্সেনা।
বিসিবির পক্ষ থেকে হাজির ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মোহাম্মদ শাহখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
আইসিসি ও বিসিবি দুই পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়ে আজকের সভা শেষ করেছে। যেখানে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির কথা আরেক দফা তুলে ধরেছে। শুধু ক্রিকেটার নয়, বোর্ড কর্তা, সাংবাদিক ও দর্শকরা পেয়েছেন বিশেষ গুরুত্ব।
