বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে অবস্থান নমনীয় হচ্ছে আইসিসির



টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল বাদ পড়লেও বাংলাদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সুযোগ দেয়ার বিষয়ে নিজেদের অবস্থানে নমনীয় হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে সোমবার এক মেইলে আবেদনকারী সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের কথা জানানো হলেও, নতুন করে তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে সংস্থাটি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


আইসিসি সূত্র জানিয়েছে, বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া এবং সূচিতে পরিবর্তনের কারণে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে আবেদনগুলো পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। তবে আবেদনকারীর সংখ্যা কোটার চেয়ে অনেক বেশি হওয়ায় সবাইকে কার্ড দেয়া সম্ভব হবে না। সূত্রমতে, বাংলাদেশ থেকে প্রায় ৮০-৯০ জন সাংবাদিক আবেদন করেছেন, কিন্তু নীতিগতভাবে একটি দেশের জন্য সর্বোচ্চ ৪০টির বেশি কার্ড বরাদ্দ দেয়া সম্ভব নয়। ফলে যাচাই-বাছাই শেষে একটি নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে অনুমতি দেয়া হবে।


সাংবাদিকদের অনুমতি না দেয়ার প্রাথমিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,‘আইসিসি ইভেন্ট কাভার করার জন্য নিজস্ব দল অংশগ্রহণ করা জরুরি নয়। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ না খেললেও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন। এমনকি ফিফা বিশ্বকাপে দল না থাকলেও আমাদের মিডিয়া নিয়মিত সংবাদ সংগ্রহ করে।’


তিনি আরও যোগ করেন,‘বিশ্ব ক্রিকেটে ভিউয়ারশিপের দিক থেকে আমরা তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশ দল না খেললেও এদেশের দর্শকদের কাছে বিশ্বকাপের খবর পৌঁছে দেয়া সংবাদকর্মীদের দায়িত্ব। আমরা কেবল নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরিবর্তনের শর্ত দিয়েছিলাম, পুরো বিশ্বকাপ বর্জনের কথা বলিনি।’


নিরাপত্তা ইস্যুতে বিসিবি তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর দাবি জানালে আইসিসি তা নাকচ করে দেয়। এর জেরে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে ছিটকে যায় এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।




Post a Comment

Previous Post Next Post